নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

বরিশাল মহানগরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর সবুজ মন্ডল (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সবুজ নগরীর হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন ম-লের ছেলে। স্বজনদের দাবি, সবুজকে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমানতগঞ্জ খালে শিশুর একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্বজনরা সেখানে গিয়ে সবুজকে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুচকা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সবুজ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি খালের পানিতে ডুবে মারা গেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। স্বজনদের অভিযোগ গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।