চাঁদপুরের হাইমচরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে অভিযুক্তদের হাইমচর উপজেলার দক্ষিণপাড়া বগুলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকার মোহাম্মদ রাকিব (১৯), শাহাজালাল (১৯) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মোহাম্মদ হাসান (১৮)।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা হাসিনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হাইমচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী অভিযুক্ত হাসানের অটোরিকশায় চড়ে তার বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে অভিযুক্ত তিন যুবক মিলে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে সারা রাত ধর্ষণ করেন। পরে শুক্রবার সকালে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
মামলার বাদী হাসিনা বেগম বলেন, আমার মেয়ে তার বোনের বাড়িতে যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়। এ সময় তারা আমার মেয়েকে ভয়ভীতি দেখায় এই ঘটনা কাউকে না জানাতে। শুক্রবার সকালে আমার মেয়ে অনেক কষ্টে বাড়ি পৌঁছালে কান্না করতে থাকলে জিজ্ঞাসা করলে সে সকল ঘটনা খুলে বলে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মোল্লা বলেন, সন্ধ্যায় মামলা দায়ের পরেই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারি। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।