আইনস্টাইনের হাতে লেখা চিঠি ১০ কোটিতে বিক্রি

আলবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি ১০ কোটি টাকার বেশি দামে নিলামে বিক্রি হয়েছে। এই চিঠিতে তার বিখ্যাত E=mc2 সমীকরণের উল্লেখ আছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রত্যাশার চেয়ে প্রায় তিনগুণ বেশি দামে চিঠিটি বিক্রি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন।

সিলভারস্টেইন আইনস্টাইনের বেশ কয়েকটি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। চিঠিতে আইনস্টাইন সেই চ্যালেঞ্জের জবাব দেন।

জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬।

চিঠিটি কে কিনেছেন সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য নেই। শুধু বলা ‘আরআর’ হিসেবে তার পরিচয় দেয়া হয়েছে। তিনি একজন নথি সংগ্রাহক।

নিলাম শুরু হয়েছিল ১৩ মে, শেষ হয় বৃহস্পতিবার।