কারাগারে থাকা অবস্থায় হেফাজত ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখারুল ইসলাম আলমগীর। তিনি ইকবাল হোসেনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন।
শনিবার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ভিন্নমতের মানুষের ক্ষেত্রে এ ঘটনা বেশি ঘটছে। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এ ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এর আগেও বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোশতাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতালম্বী মানুষের কারাগারে আটক থাকাবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে।
তিনি বলেন, এ ধরণের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোনো তদন্ত বা সন্তোষজনক কোনো বক্তব্য নেই।
বিবৃতিতে মওলানা ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।