ঢাকা শহরের অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’। শনিবার বিকেলে ট্রেলার রিলিজ দিলেন রাফী। ট্রেলারে উঠে এসেছে ঢাকা শহরের বিচ্ছিন্ন কিছু গল্প। অন্তত সে আভাসই পুরো ট্রেলার জুড়ে। ঘাত প্রতিঘাত, ফেঁসে যাওয়া কিংবা প্রতারিত হওয়ার গল্পগুলোর ইঙ্গিতই পাওয়া গেলো ট্রেলার জুড়ে।
এদিকে ট্রেইলার প্রকাশের পরপরই আলোচনায় আইসক্রিম সিনেমার নায়িকা নাজিফা তুষি। তার একটি সংলাপ ঝড় তুলেছে নেট মাধ্যমে। ট্রেইলারের একেবারে শেষাংশে এসে তুষির সংলাপটি এমন, ‘...(গালি) এটা তো ট্রেলার, সিনেমা তো এখনও বাকি আছে!’
নির্মাতা রাফী আগেই জানিয়েছিলেন, পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ সিনেমার গল্প। পাঁচ গল্পের একটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মনোজ প্রামাণিক। আর বাকি চারটি গল্পে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন, খায়রুল বাশার, সামিয়া অথৈ প্রমুখ।
ট্রেলার প্রকাশের সাথে সাথে জানা গেলো ওয়েব ফিল্মটির মুক্তির তারিখও। আসছে মাসের ১০ তারিখে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি।