তাড়াশে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- তারাটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মোছা. মুক্তি খাতুন (৮) ও তার খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নুকুল হোসেনের ছেলে মো. আশিকুর রহমান (৭)।

ইউনিয়নের তারাটিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পরে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ওই পুকুরের মালিক তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, মাগরিবের আজানের পরে এলাকায় সামান্য ঝড়-বৃষ্টি হয়। এ সময় সম্ভবত ওই দুই শিশু তার বাড়ির সামনের পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশিকুর তার মায়ের সাথে এ দিন কাজিপুর থেকে খালার বাড়ি বেড়াতে এসেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।