সাহিনুদ্দিন হত্যার আরেক আসামি মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানী ঢাকার পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা মামলার গ্রেপ্তার আরেক আসামি মো. মনির গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার রাত ২টার দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় ‘গোলাগুলি’র ঘটনায় তিনি নিহত হন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ কথা জানিয়েছেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবীর সাইনুদ্দিন হত্যা মামলার আসামি মো. মনিরকে পল্লবীর ২২ তলা গার্মেন্টসের পেছনে ঈদগাহ মাঠের পাশ থেকে শনিবার রাত রাত ৮টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়। মনির এই মামলার ৬ নম্বর আসামি।

এতে আরও বলা হয়, পরে মনিরের দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে রাত সোয়া ২টার দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় অভিযান চালায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তখন পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। এ সময় মনির নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‘গোলাগুলির’ এ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে রূপনগর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার আরেক আসামি মানিক।

ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে মানিক ও মনিরকে সরাসরি হামলায় অংশ নিতে এবং সাহিনুদ্দিনের শরীরের বিভিন্ন অংশে কোপাতে দেখা যায়।