সংক্রমণ বাড়ায় চালু হচ্ছে খুমেকের দ্বিতীয় করোনা ইউনিট

খুলনায় করোনায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়ছে। ঈদের আগের সপ্তাহে সংক্রমণ কিছুটা কমে গেলেও পরের সপ্তাহে বেড়েছে এ হার। মৃত্যুর ক্ষেত্রে বেড়ে তা তিন গুণ দাঁড়িয়েছে।

সংক্রমণের ঊর্ধ্বগতির কথা চিন্তা করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ইউনিট খোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার জানান, খুলনা বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৪ জন। মারা গেছেন চারজন।

এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৭০ জন। মোট মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় ৪৫ জন, বাগেরহাটে একজন, যশোরে একজন, ঝিনাইদহে সাতজন, কুষ্টিয়ায় ২৩ জন, মেহেরপুরে চারজন, চুয়াডাঙ্গা ১০ জন এবং সাতক্ষীরায় ১৩ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুয়ায়ী, ঈদের পর গত এক সপ্তাহে (১৫-২১ মে) খুলনা বিভাগে ৫৯৭ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে। এ সময় বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন।

এর মধ্যে শুধু ২১ মে মারা যায় ১০ জন। ওই দিনে ঢাকা বিভাগে মারা যায় তিনজন। আর চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন মারা যান।

ঈদের আগের সপ্তাহে (৮-১৪ মে) খুলনা বিভাগে করোনা সংক্রমিত হন ৪৮৪ জন। ওই সময় মারা যান পাঁচজন।

এদিকে বিভাগীয় শহর খুলনায় রোগীদের জন্য রয়েছে মাত্র একটি করোনা ইউনিট। খুমেক হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট এই করোনা ইউনিটে গত কয়েক মাসে রোগী ছিল না বললেই চলে। কিন্তু চলতি মাসে খুমেকের করোনা ডেডিকেটেড ইউনিট এখন রোগীতে পূর্ণ।

খুমেক হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, সামনের দিনগুলোর কথা চিন্তা করে খুমেক হাসপাতালের পুরোনো অর্থোপেডিক বিভাগে ৫০ শয্যা বিশিষ্ট আরেকটি করোনা ইউনিট চালু করার জন্য কাজ চলছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী ডা. মেহেদি নেওয়াজ বলেন, ঈদের পরেই করোনা সংক্রমণ বাড়ছে। এটা উদ্বেগজনক।

তিনি বলেন, আমাদের এ সংক্রমণ মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধিত আইসিইউ ও শয্যার কার্যক্রম শুরু করতে এক সপ্তাহ লাগবে। আশা করা যায়, এক সপ্তাহ পরই চালু করতে পারবো বর্ধিত আইসিইউ ও শয্যা।

খুমেক হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, দ্বিতীয় ইউনিট খোলার কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত এই কাজ শেষ হবে।