বিটিএসের নতুন গান: ৪৮ ঘণ্টায় ১৬ কোটির বেশি ভিউ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর খ্যাতি বিশ্বজোড়া। জনপ্রিয় এই ব্যান্ডটি আবারও রেকর্ড গড়ল। ২১ মে প্রকাশিত হয় বিটিএসের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ১৬ কোটির বেশি দর্শক দেখেছে গানটি। শুধু তাই নয়, গানটি প্রকাশ হওয়ার মাত্র ১৩ মিনিটেই ১০ মিলিয়ন ভিউ হয়। এর আগে তাদের প্রথম ইংরেজি একক গান ‘ডিনামাইট’ দিয়েও পুরো দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছিল বিটিএস। বিলবোর্ডের তালিকায় প্রথম স্থান অধিকার করাসহ, গ্রামি নমিনেশনও পেয়েছিল তারা।

এ বছরের ২৬ এপ্রিল থেকেই বিটিএস তাদের ইউটিউব চ্যানেল ব্যাংতান ভয়েসে নতুন গান 'বাটার' নিয়ে দিন গোনা শুরু করে। গানটির টিজার, ভিডিও ক্লিপ দিয়ে পুরো মাস ভক্তদের অপেক্ষায় রেখে অবশেষে ২১ মে গানটি মুক্তি দেয় তারা। ‘বাটার’ গানটি লিখেছেন রব গ্রিমাল্ডি, স্টিফেন কার্ক, রন পেরি, জেনা অ্যান্ড্রুজ, অ্যালেক্স বিলোভিটস এবং সেবাস্তিয়ান গার্সিয়া।

প্রসঙ্গত, জনপ্রিয় গানের দল বিটিএস ব্যান্ডটি ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডের সদস্যরা মূলত হিপহপ ঘরানার গান গেয়ে থাকে। তাদের ব্যান্ডের ৭ সদস্য হচ্ছেন এভি, জে-হোপ, আরএম, জ্যিন, জিমিন, জংকুক, সুগা।