মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার (এসপি) ও নিহতের স্বামী বাবুল আক্তারকে কারাগারের বাইরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।
বাবুলের আইনজীবী আরিফুল রহমান গত বৃহস্পতিবার দাবি করেন, তার মক্কেল হৃদরোগসহ অন্যান্য সমস্যায় ভুগছেন। আবেদনে কারাগারের বাইরে হাসপাতালে বাবুল আক্তারকে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। আদালত আজ শুনানির জন্য দিন রাখেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, শুনানি শেষে আদালত বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান বলেন, আদালতের আদেশটি পাওয়ার পর কারা হাসপাতালের চিকিৎসককে জানানো হবে। অসুস্থ হলে বাবুলকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সেখানে না হলে চিকিৎসকের পরামর্শে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে বাবুল আক্তার সুস্থ আছেন।
১৭ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন বাবুল আক্তার।