করোনা আক্রান্তদের দ্বিতীয় ডোজ না নিলেও ‘সমস্যা নেই’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের টিকা না নিলেও ‘সমস্যা নেই’ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, কারণ, তাদের শরীরে এক ডোজ টিকাতেই ‘যথেষ্ট পরিমাণে’ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। 

রোববার বিএসএমএমইউয়ে নিজের কার্যালয়ে উপাচার্য শারফুদ্দিন আহমেদ এসব বলেন। 

তিনি বলেন, সঠিকভাবে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ হিসেবে তাদের অন্য কোনো কোম্পানির টিকা দেওয়া যায় কি না, তা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’

তিনি বলেন, প্রথম ডোজের টিকা নেয়ার তিন থেকে চার মাস পরেও দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যায়। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন, এই সময়ের মধ্যেই তাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া সম্ভব হবে।

উপাচার্য বলেন, ভারত ছাড়া যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে টিকা আছে, তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া চীনা কোম্পানি সিনোভ্যাক উৎপাদিত টিকা পাওয়া গেছে। ফাইজার কোম্পানির টিকা, রাশিয়ার টিকা স্পুটনিক–ভি পাওয়া যাবে। তাই ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।