সোনারগাঁয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে দ্বীন ইসলাম ও সমর আলী হত্যা মামলার আসামিরা আবারও প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সাদেকুরপক্ষের জজ মিয়া ও আলেকের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আলাউদ্দিনপক্ষের লোকজনের প্রায় ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে। এ সময় ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আলাউদ্দিন পক্ষ ও সাদেকুর রহমান পক্ষের মধ্যে গত এক বছরে কয়েকটি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় এ পর্যন্ত সোনারগাঁ থানায় পাঁচটি মামলা হয়েছে। একপক্ষ অন্যপক্ষের লোকজনকে এসব মামলায় আসামি করেছে। দীর্ঘদিন পর গত এপ্রিল মাসে মামলায় জামিন পাওয়ার পর উভয়পক্ষের ১০ থেকে ১২ জন এলাকায় আসার পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

গতকাল সকালে ওই দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আলাউদ্দিনপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায় সাদেকপক্ষের লোকজন। হামলায় বাড়িঘরে ভাঙচুর ও লুট করা হয়। এ সময় ফেরদৌস, রফিক আলী, দেলোয়ার, ফরিদ আহম্মেদ, খাদিজা, রাজিয়া বেগম, রাবেয়া বেগম, কামরুন নাহার মুক্তাসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, নয়াগাঁও গ্রামে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।