১০ ম্যাচ পর পাওয়া জয়ে স্বস্তি তামিমের

টানা ১০ ম্যাচে জয়শূন্য থাকা বাংলাদেশ অবশেষে আলোর দেখা পেল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে কাটাল জয় খরা। যা নিয়ে ম্যাচ শেষে স্বস্তি প্রকাশ করলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বললেন, সিরিজের বাকি ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশার কথা।

রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারায় বাংলাদেশ। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীদের ইনিংস থামে ২২৪ রানে।

এর আগে সব ফরম্যাট মিলে ১০ ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। হেরেছে ৯টিতে, একটি টেস্ট ড্র হয়। তামিম তাই বলছিলেন, ‘হার ভালো লাগার কিছু নয়। আমরা সব সংস্করণ মিলিয়ে ১০ ম্যাচ পর জিতলাম। জেতা সুখের, আনন্দের। ছেলেরা খুবই খুশি।’

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর থেকে জয় শূন্য ছিল টাইগাররা। এই সময়ে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে হারে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে। এরপর শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট ড্র করলেও হারে দ্বিতীয়টিতে।

এদিনের ম্যাচ নিয়ে তামিম বলছিলেন, ‘যেভাবে লড়াই করেছি এর জন্য আমরা খুশি। মুশফিক, মাহমুদউল্লাহ অসাধারণ ব্যাটিং করেছে। আফিফ চমৎকার ব্যাটিং করেছে। এখানে ব্যাটিং সহজ ছিল না। উইকেট ছিল দুই গতির। বল ব্যাটে এসেছে দেরিতে…।’

তবে কাজ এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে তামিম বলেন, ‘ওরা জানে, কাজ শেষ হয়ে যায়নি। এখনো দুটি ম্যাচ আছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’