সিলেটে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক তরুণীকে (১৮) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দলবেধে ধর্ষণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার গ-ামারা গ্রামের একটি টিলার জঙ্গলে এ ঘটনা ঘটে। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ৪ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন গোলাপগঞ্জ উপজেলার তুরুকভাগ গ্রামের আবদুল হাকিম (২০), দক্ষিণ কান্দিগাঁও গ্রামের রাজন আহমদ (২২), খালপাড় গ্রামের শিপন আহমদ (১৯) ও সিলেট সদর উপজেলার পীরেরচক গ্রামের আক্তার হোসেন (২৩)।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, ওই তরুণীর সঙ্গে আবদুল হাকিমের পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক রয়েছে। এই সূত্রে গতকাল রবিবার সকালে আবদুল হাকিম তরুণীকে ফোন করে মুরাদপুর বাজারে আসতে বলেন। সেখান থেকে বেড়াতে যাওয়ার কথা বলে তরুণীকে একটি সিএনজি অটোরিকশায় তুলে গ-ামারা গ্রামের একটি টিলার জঙ্গলে নিয়ে যায়। এরপর আবদুল হাকিম মোবাইল ফোনে তার ৩ বন্ধুকে সেখানে ডেকে আনে। পরে ৪ জন মিলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ৪ যুবককে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং তরুণীকে উদ্ধার করে। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছে।