মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় ‘পাটালি’ ও ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার পাটালি গ্রুপের সদস্যরা হলোÑ শরিফুল ইসলাম পিয়াল, আলী হোসেন ও চাঁন মিয়া। গ্রেপ্তার অ্যালেক্স ইমন গ্রুপের সদস্যরা হলোÑ মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ, মো. রনি খান, মো. আরিফ হোসেন ওরফে রিফাত, মো. আবির, মো. রনি, মো. সাগর, মো. রায়হান ও মো. রবিউল ইসলাম।  

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যার পর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় পৃথক অভিযানে চালিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ৫টি ছুরি ও ৪টি চাকু পাওয়া যায়।