সিমিওনের হাত ধরেই আবার শিরোপা

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ডিয়েগো সিমিওনের। খেলোয়াড় হিসেবে দুই মেয়াদে খেলেছেন ক্লাবটিতে। ১৯৯৪-৯৭ পর্যন্ত খেলার সময়ই ১৯৯৬ সালে লা লিগা শিরোপা জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। ২০১১ থেকে কোচ হিসেবে যোগ দিয়ে ২০১৩-১৪ মৌসুমে সিমিওনেই আবার শিরোপা জেতান আতলেতিকোকে। তার হাত ধরেই ৭ বছর পর আবার লা লিগা জিতল সমর্থকদের কাছে ‘ম্যাট্রেসেস’। এবার লিগ জিতলেন সুয়ারেজ করোনা মহামারীর মধ্যে। এমন দুঃসময়ে শিরোপা জিতে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তি অনুভব করছেন আর্জেন্টাইন এ কোচ। শনিবার শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় সিমিওনে বলেন, ‘আমি অনেক মানুষের জন্য খুশি আজ। অনেক কঠিন একটা বছর কাটিয়েছি আমরা। করোনাভাইরাসের কারণে অনেক মানুষকে হারিয়েছি। তাই এমন এক বছরে চ্যাম্পিয়ন হতে পারা আতলেতিকোর জন্য একটু ভিন্ন কিছু। বিশেষ কিছু। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটা অন্যতম সেরা বছর।’

আতলেতিকোর হয়ে খেলোয়াড় হিসেবে একবার কোচ হিসেবে দ্বিতীয়বার শিরোপা জয়ের অনুভূতি কেমন? সিমিওনে বলেন, ‘দুটি অনুভূতি আলাদা। পৃথিবী এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি, এই শিরোপা জয়ের মাধ্যমে আমরা কঠিন সময়েও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।’ দলের সব খেলোয়াড়ের সমন্বয়ে এই শিরোপা বলে মনে করেন সিমিওনে। যারা কম ম্যাচ খেলেছে বা খেলেননি তাদেরও ধন্যবাদ দেন সিমিওনে। ‘৩২ জন খেলোয়াড় এই মিশনে ছিল, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। যারা খেলেনি, তারা এবং দলের সবাই আমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা’ বলছিলেন সিমিওনে।

সবাই দলটা নিয়ে গর্ব করতে পারে : জিদান

এদিকে নিজেদের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারায় ভিয়ারিয়ালকে। তাতে ৩৮ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করল জিনেদিন জিদানের দল। রিয়াল এ মৌসুমে জেতেনি কোনো শিরোপা। ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম ট্রফিহীন রিয়াল। জিদান সমর্থক খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন দল নিয়ে সবাই গর্ব করতে পারে। ‘আমাদের সমর্থকদের ধন্যবাদ, তারা সব সময় আমাদের পাশে ছিল। সবাই এ দলটিকে নিয়ে গর্ব করতে পারে কেননা খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। আমাদের শুরুটা কঠিন ছিল। তবে কাজটা ভালোভাবে শেষ করেছি ম্যাচটি জিতে।’

জিদান রিয়াল মাদ্রিদ ছাড়বেন কি না তা এখনো নিশ্চিত নয়। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচের পর প্রশ্ন করায় জিদানের উত্তর ছিল এমনÑ ‘গুরুত্বপূর্ণ বিষয় আমি নই। খেলোয়াড়রা সারা বছর (মৌসুম) কী করেছে সেটি আসল। আমাদের খেলোয়াড়দের সাধুবাদ জানানো উচিত। আমি ক্লাবের সঙ্গে সব বিষয়ে কথা বলব।’

এই দল বার্সেলোনার মানের নয় : কোম্যান

লিগের শেষ রাউন্ডে বার্সেলোনা ১-০ গোলে এইবারকে হারায়। শেষ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে কাতালান ক্লাবটি। কোচ হিসেবে রোনাল্ড কোম্যান বার্সেলোনাতে আগামী মৌসুমে থাকবেন কি না, তা নিয়ে আছে সংশয়। এরই মধ্যে কোম্যান জানালেন দলের বর্তমান স্কোয়াড নিয়ে খুশি নন তিনি। বলেন, ‘আমি মনে করি, বার্সেলোনাতে আমরা যে লেভেলের স্কোয়াড চাই সেটা নেই। বিষয়টি পরিষ্কার। ক্লাবের অনেকেই এটি জানে। দলে উন্নতি দরকার। মৌসুমটি হয়তো সেরা নয় তবে খারপ যায়নি। রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া দলের কাছে ডাবল (শিরোপা) আশা করা উচিত নয়।’