জলমগ্ন জঙ্গলে মেয়েকে নিয়ে মিথিলা

মেয়ে আয়রা তাহরিম খানকে নিয়ে ঘুরতে পছন্দ করেন রাফিয়াত রশিদ মিথিলা। তাদের অ্যাডভেঞ্চার নিয়ে প্রকাশ হয়েছে বইও। এবার মা-মেয়ে ঘুরতে গেলেন জলমগ্ন জঙ্গলে। সেই ভ্রমণের ভিডিও প্রকাশ করলেন মডেল-অভিনেত্রী।

রবিবার ইউটিউবে ভিডিওটি প্রকাশ করেন মিথিলা। সেখানে সিলেটের সোয়াম্প ফরেস্ট রাতারগুলে দেখা যায় তাদের। নৌকায় ভ্রমণ দিয়ে শুরু, এর পর জঙ্গলের ভেজা মাটিতে নেমে পড়ে মা-মেয়ে ও তাদের সঙ্গীরা।

‘লাইক’ দেখে বোঝা যাচ্ছে ভিডিওটি অনেকেই পছন্দ করেছেন, তবে ইউটিউবের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন মিথিলা।

সেদিন হলুদ কামিজ ও নীল পায়জামা ছিল মিথিলার পরনে, চোখে সানগ্লাস। নীল জিনস ও হালকা গোলাপী টপ পরেছিল ছোট্ট আয়রা।

বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন মিথিলা। কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ রয়েছে সেখানে। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। ছাদ-বাগানে নিজে অনেকটা সময় দেন। মেয়েকেও বাগান করতে শেখান। সে কথাও জানা গেছে সোশ্যাল মিডিয়া সূত্রে।

ঈদে একাধিক নাটক-টেলিছবিতে দেখা গেছে মিথিলা। তবে আলোচনায় ছিল ই-কমার্স সাইটের আয়োজন অনুষ্ঠিত এক কুইজ শো। যেখানে মিথিলার সঙ্গে অনলাইনে উপস্থিত ছিলেন তার সাবেক স্বামী ও আয়রার বাবা গায়ক-অভিনেতা তাহসান খান।