শাকিব কেন সেরাদের চোখেও সেরা: জানালেন নির্মাতা

শাকিব খানের আগামী ছবি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’। বিপরীতে আছেন শবনম বুবলি।

দিন দুয়েক আগে প্রকাশ হয় ফার্স্টলুক। আর প্রিয নায়ককে নতুন অবতারে দেখে শাকিব ভক্তরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। এতে ভীষণ খুশি সিনে জগতের নতুন নির্মাতা তপু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষভাবে ধন্যবাদ দেন শাকিব খানকে। তপু ফেইসবুকে লেখেন, “শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা মেগাস্টার, কিং খান শাকিব খান ভাইয়ার প্রতি।”

“প্রতি মুহূর্তে তিনি আমাকে সহযোগিতা করেছেন, খোঁজখবর নিয়েছেন; সাজেশন দিয়েছেন কাজটা ভালোমতো করার প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখনো তা অব্যাহত। অল্পদিনে কাছ থেকে একটু হলেও বুঝেছি, কেন শাকিব খান সেরাদের চোখেও সেরা। বাকি কথা অন্য কোনোদিন বলবো।

আজ এতোটুকু না জানালেই নয়, প্রথম সিনেমায় আমার মতো নবীন পরিচালকের জন্য শাকিব খানের মতো বড় তারকার কাছ থেকে এমন সহযোগিতা যে কত বিশাল পাওয়া তা বলে শেষ করা যাবে না।”

সঙ্গে উল্লেখ করেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য শাকিব চরিত্রের সঙ্গে মানায় এমনভাবে নিজেকে প্রস্তুত করেছন, ওজন কমিয়েছেন; একেবারে ফিট করে ফটোশুটে নেমেছেন।

তপুর মতে, “এই ডেডিকেশন একজন মেগাস্টারের কাছ থেকে পাওয়াটা খুব বড় ব্যাপার। আপনি আমার উপর যে আস্থা রেখেছেন, সেটার মূল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

ঈদুল ফিতরে শাকিবের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন তপু।

শিগগিরই ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।