অবশেষে ‘ফ্রেন্ডস’ তারকারা আসছেন একই ফ্রেম। রস, র্যাচেল, জোয়ি, ফিবি, মনিকা, চ্যান্ডলারের পুনর্মিলন দেখতে পাবে বিশ্ববাসী।
১৬ বছরের অপেক্ষার অবসান হবে বৃহস্পতিবার। এক ঘণ্টার এই বিশেষ পর্ব ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে।
আমেরিকার অন্যতম বিখ্যাত সিচুয়েশনাল কমেডি ‘ফ্রেন্ডস’। ১৩ মে তারই নতুন পর্বের ঝলক মুক্তি পেতেই টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড শুরু হয়েছিল, ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’ বলে! তার পরে একটি ট্রেলার মুক্তি পায়। যদিও সেখানে ‘ফ্রেন্ডস’-এর কয়েকটি চরিত্র ছাড়া আর কাউকে দেখা যায়নি। যাদের মধ্যে আছেন মুখ্য ৬ জন অভিনেত্রী-অভিনেতা জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিজা কুদ্রো, ম্যাথিউ পেরি, লেট লি ব্ল্যাঙ্ক এবং ডেভিড স্কুইমার।
পরে জানা যায় পপ তারকা লেডি গাগা, সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম, গায়ক জাস্টিন বিবার, দক্ষিণ কোরীয় গানের দল বিটিএস, নোবেলজয়ী মালালা ইউসুফজাই-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে।
১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ‘ফ্রেন্ডস’ সিরিজের ১০টি সিজন প্রচার হয়। মোট এপিসোড ছিল ২৩৪টি। যার সঙ্গে যুক্ত হচ্ছে এবারের ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’।