ইউটিউবে জনপ্রিয় অভিনেতাদের নাটকের নাম পাল্টে আপলোড হওয়া নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন জিয়াউল হক পলাশ।
এ অভিনেতার ‘প্লুরাল পার্সন থার্ড নাম্বার’ নাটকটিকে ‘নোয়াখালীর পায়েস’ নাম দিয়ে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই ভক্ত-দর্শকদের সতর্ক করেছেন পলাশ।
এ নিয়ে ফেইসবুকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা লেখেন লেখেন, “বেশ কয়েকদিন যাবত আমাকে অনেকেই ফোন দিয়ে, ম্যাসেজ দিয়ে এই ভুয়া নাটকটির (নোয়াখালীর পায়েস) কথা বলছে। যদিও এই নামের কোন নাটকেই আমি কাজ করিনি। বরং নাটকটির লিংকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন আমার অভিনীত অন্য নাটক। যার নাম ‘প্লুরাল পার্সন থার্ড নাম্বার’। যেটি প্রচারিত হয়েছিল বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে।“
“সস্তা ভিউয়ের জন্য অনেকেই অরিজিনাল নাটকের নাম মুছে দিয়ে অন্য কোন নাম ব্যবহার করছে। এতে করে আমিসহ অনেকেই বিভ্রান্তিতে পড়ছি। যারা এই কাজটি করছেন তারা কপিরাইট আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ করছেন। আমি বঙ্গ বিডির দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেনো এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এবং দর্শকদেরও বলছি আপনারা এই সমস্ত ভুয়া ইউটিউব চ্যানেল রিপোর্ট করে বর্জন করুন।”
এর পর ধন্যবাদ জানিয়ে পোস্ট শেষ করেন পলাশ।