সৌদি সফর পিছিয়ে যাওয়ায় হতাশ জেমি

সকালে সৌদি আরবের দাম্মামে যাওয়ার কথা থাকলেও ভোর রাতে সফর পিছিয়ে যাওয়ার খবর পেয়ে দেশেই অনুশীলন সেরেছেন বাংলাদেশের ফুটবলাররা।

বাফুফে জানিয়েছে, সৌদি থেকে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ায় যাওয়া হলো না তাদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দল নিয়ে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কোচ জেমি ডে হতাশা প্রকাশ করে বলেন, ‘কোনো কিছু পরিকল্পনামতো না হলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। খেলোয়াড়েরা যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। ব্যাপারটি ভালো বলতে পারবে বাফুফে।’

সৌদি আরবে কবে যাওয়া হবে বা আদৌ যাওয়া হবে কি না-বিষয়টি নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হল।

জেমি বলছেন, ‘দু-তিন দিনের জন্য সৌদি আরব গেলে প্রত্যাশানুযায়ী উপকার হবে না। তার চেয়ে বরং আগে কাতার যাওয়া যায় কি না, সে বিষয়ে বাফুফের সঙ্গে এখন আলোচনা করব।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি তিন ম্যাচ হবে কাতারে। এর আগে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করার জন্য সৌদি আরব যেতে চেয়েছিল বাংলাদেশ। সেখানে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে দোহার বিমানে উঠার কথা ছিল।