সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে

সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ভারত থেকে যাত্রীরা এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকায় জেলাবাসীর মনেও দেখা দিয়েছে আতঙ্ক। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সম্ভাব্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ ইউনিটে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান জানান, ১৭ মে তারিখে ভারত থেকে চুয়াডাঙ্গায় দর্শনায় বাংলাদেশিদের ফিরে আসা শুরু হয়। রবিবার নাগাদ মোট এসেছেন ৪৫৯ জন। এ সময়ে ভারত থেকে আসা যাত্রীসহ জেলায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে।

তিনি জানান, ভারত থেকে আগতদের মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ওই নমুনার ফলাফল এখনো জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেনি।

জেলার সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ ভারত থেকে আগত যাত্রীদের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখছে। এগুলো হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, যুব উন্নয়ন অধিদপ্তরসহ কয়েকটি স্থান। 

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯২০ জন এবং মৃত্যুর সংখ্যা ৬২ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৩৬৮ জনের। রবিবার একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নিকটস্থ পিসিআর ল্যাব হিসেবে কুষ্টিয়াতে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ হয় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার রোগীদের। গত ১৬ মে থেকে অদ্যাবধি ভারত থেকে আগত ১১৭ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তবে এই ভাইরাসটি ভারতীয় ভেরিয়েন্ট কি না তা নির্ণয় করতে নমুনাগুলি ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে ফলাফল এখনো হাতে পায়নি।