শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি শিক্ষার্থীদের

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান  খোলার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্যাম্পাস ও হল বন্ধ থাকায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ক্লাস পরীক্ষা না হওয়ায় অনেকেই সেশন জটের আশঙ্কা প্রকাশ করেছেন। এইসঙ্গে অনলাইন ক্লাসকে অকার্যকর বলে দাবি করেন তারা।

গতকাল সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন অন্তত ১০ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা জানান, এতদিন টিকার কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অথচ সব শিক্ষার্থী টিকা পাননি। টিকার জন্য অপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানান তারা।

এদিকে একই দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন করেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে দুই শতাধিক শিক্ষার্থী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জানান।

গতকাল বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, প্রায় ১৪ মাস যাবৎ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দীর্ঘ সময়ে আমরা শুধু ক্যাম্পাস নয় অ্যাকাডেমিক পড়াশোনা থেকে অনেকটা দূরে। এরমধ্যে অনলাইন ক্লাসের নামে আমাদের সঙ্গে শুধুই প্রহসন করা হযেছে।

গাজীপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, ঢাকার ইনডিপেনডেন্ট বিশ^বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যলয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনে এসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়, কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নেবে। আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের মেসেজগুলো পাঠাব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় চারুকলা বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, জাতির বিবেক বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আমরা একটি বর্ষেই ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ঝুলে আছি।

কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল ও সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছেন ভৈরবের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ^বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন থেকে তিন দফা দাবি পেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।