শিশু, কিশোরী ও গৃহবধূ ধর্ষণের শিকার

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার দুপুরে জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভগবতীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভগবতীপুর গ্রামের জাফর সওদাগরের ছেলে নাজমুল হাসান আরেফিনকে আসামি করে একটি মামলা করেছেন। তবে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রতন কান্তি দে জানান, ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা বাদী হয়ে নাজমুল হাসান আরেফিনকে আসামি করে একটি মামলা করেন। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল সোমবার ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের বরিশুর এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে অচেতন করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

গতকাল সোমবার পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের রুবেলের (৩৮) বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। এ ছাড়া তার সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ১৬ মে রাতে কয়েকজন মুখোশধারী যুবক তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার হাত, পা, মুখ ও গলা চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে রুবেলের মুখোশ খুলে যায়। পরে তারা লাঠি ও লোহার রড দিয়ে গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং চুপ থাকতে বলে ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। মুখোশধারী এক যুবক তার মুখের ভেতর হাত ঢোকায় এবং অপর মুখোশধারী মুখে কিছু ঢেলে খাওয়াইয়ে দিলে তিনি অজ্ঞান হয়ে যান।