পরোয়ানা কাঁধে নিয়ে স্ত্রীকে খুন করে ১৯ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবারি মাইনুল ইসলাম ওরফে কাজল ভূঁইয়া (৪৭)। তার বিরুদ্ধে আছে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা। এর মধ্যে আখাউড়া থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তার থাকার কথা কারাগারে। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা কাঁধে নিয়েই বাড়িতে এসে স্ত্রীকে খুন করে কাজল। ঘটনার ১১ দিন পর গতকাল সোমবার তাকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল দুপুরে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির ডিআইজি (চট্টগ্রাম জোন) হাবিবুর রহমান। তিনি বলেন, কাজল ভূঁইয়া গত ১৩ মে আখাউড়াতে তার নিজ বাড়িতে স্ত্রী ডলি বেগমকে পেট্রোল দিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে। ডলি মারা যাওয়ার পর কাজল আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত ডলির ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া ও সদর দপ্তর সিআইডি একযোগে তদন্ত শুরু করে।