আইপিএল হলো বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস। তাই যেকোনো অবস্থায় টুর্নামেন্ট করতে মরিয়া থাকে ভারতীয় বোর্ড। এর জন্য প্রথম সারির ক্রিকেট খেলুড়ে দেশগুলো তাদের সূচিও পাল্টাতে বাধ্য হয়। এতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি হয়। এটা ঠিক নয়। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর।
এক সংবাদ সম্মেলনে ১০৫ টেস্টসহ ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলা টেইলর বলেছেন, ‘এই মুহূর্তে সম্ভবত আইপিএল সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট। বিভিন্ন দেশ তাদের ক্রিকেটের সূচি এর জন্য পাল্টে দেয়। কারণ একটাই, প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলতে চান। কিন্তু আমি, আপনি সবাই জানি আন্তর্জাতিক ক্রিকেট এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইপিএল যদি সূচির মাঝে হয় বা এর জন্য সূচি এগিয়ে পিছিয়ে দেওয়া হয়, তবে তাও ঠিক আছে। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেটের সূচি বাতিল করা ঠিক কাজ হবে না।’
গত বছর অক্টোবর-নভেম্বরে করোনা অতিমারীর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে পারেনি আইসিসি। কিন্তু বিসিসিআই আইপিএল ঠিকই করেছিল। এবারও করোনার কারণে ২৯ ম্যাচ খেলার পর স্থগিত হয়েছে আইপিএল। কিন্তু আন্তর্জাতিক সূচির পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ করতে মরিয়া বিসিসিআই।
রস টেইলর অবশ্য মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আইপিএল বন্ধ হয়ে ভারতীয় দলের জন্য ভালো হয়েছে, ‘আমি মনে করি না যে ইংল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলা থেকে (বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য) ভালো প্রস্তুতি (নিউজিল্যান্ডের) আর কিছু হতে পারে। দিনের শেষে কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। ভারতের দিক থেকে বিচার করলে বলতে হবে, আইপিএল প্রথম দিকে শেষ হওয়ায় তারা হাতে সম্ভবত কিছুটা সময় পেয়েছে। যদি আইপিএল চলত তাহলে তারা প্রস্তুতিতে কিছুটা কম সময় পেত। এখন তারা পরিস্থিতির সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারবে এবং তাদের বোলাররা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে।’ টেইলর আরও বলেন, ‘এই দুটি টেস্ট ম্যাচ আমাদের কিছুটা হলেও বাড়তি সুবিধা দেবে কিন্তু এই ভারতীয় দল দীর্ঘদিন ধরে বিশ্বে এক নম্বর জায়গাটা ধরে রেখেছে এবং এখানে (ইংল্যান্ডে) তাদের অনেক বেশি সাফল্য রয়েছে। আমার মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য বছরে এর থেকে ভালো সময় আমরা পাব না যখন বোলাররা কন্ডিশনে থাকে।’