‘ইয়াস’র প্রভাব পড়তে শুরু করেছে ওড়িশা-পশ্চিমবঙ্গে

ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইতোমধ্যে উপকূলীয় গ্রামগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বৃষ্টিও।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দুপুরে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝামাঝি বালাসোরের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’।

ওই সময় ঘূর্ণিঝড়ের বেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো বেড়ে যেতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটারেও।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া।

পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা, রায়দিঘি, সাগর, গোসাবায় বাঁধ ভেঙে একাধিক গ্রামের ভেতর পানি ঢুকে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় নদীর পানিস্তর বেড়ে গেছে।

এছাড়া দিঘায় জলোচ্ছ্বাস বেড়েছে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হচ্ছে এবং বইছে ঝোড়ো হাওয়া।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পারাদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩৯০ কিলোমিটার, বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৪৯০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এটি ক্রমশ শক্তি সঞ্চয় করে বুধবার ভোরের দিকে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। এরপর দুপুরে পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে বালাসোরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়তে পারে।