রাজধানীর দক্ষিণখানে একটি মসজিদের সেপটিক ট্যাংকে যুবকের ছয় টুকরা লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এই ঘটনায় মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক ভুইয়া বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া লাশটি আজহারুল (৩৫) নামের এক যুবকের। তিনি নিপা গার্মেন্টসে চাকরি করতেন। মসজিদের পাশেই তার বাসা ছিল।
আজিজুল হক বলেন, মসজিদের ইমাম আবদুর রহমানের (৫৫) কাছে আরবি শিখতেন আজহারুল। একপর্যায়ে তার পরিবারের সঙ্গে সম্পর্ক হয় ইমামের।
তিনি বলেন, ঈদের আগে পরিবারসহ টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামের বাড়ি চলে যান আজহারুল। গ্রাম থেকে ফিরে বুধবার অফিস করার পর বৃহস্পতিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এই পুলিশ কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-১ এর একটি দল এসে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ করে। পরে নিচ তলার সেপটিক ট্যাংক থেকে ছয় টুকরা লাশ এবং তিনটি চাকু উদ্ধার করা হয়। মসজিদের দ্বিতীয় তলায় থাকতেন ইমাম আবদুর রহমান।
এ বিষয়ে র্যাব সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।