আন্দোলনের কারণে সাংবাদিক রোজিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে সরকার: মান্না

বাংলাদেশে এখন কেউ নিরাপদ নয় বলে দাবি করে নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার দেশকে মনুষ্য বসবাসের অযোগ্য করে তুলেছে। বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) আয়োজিত বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও সাদাত হুসাইনের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সম্মিলিত আন্দোলনের কারণে সরকার সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। রুহুল আমিন গাজী ও সাদাত হুসাইনসহ আটক সাংবাদিকদের মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের জুলুম থেকে মুক্তি পেতে রাজপথে নামতে হবে। মুক্তির আন্দোলনকে হাইকোর্টের গেটে এমনকি প্রয়োজন হলে বিচারপতির দরজায় নিয়ে যেতে হবে।

বিআরজেএর চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার।