দেশ রূপান্তরকে চসিক মেয়র

১০০ দিনের প্রতিশ্রুতির ৮০% বাস্তবায়ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ষষ্ঠ পর্ষদের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ করেছেন। গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন দায়িত্ব নিয়ে ১০০ দিনের সম্ভাব্য কর্মকাণ্ডের একটি রূপরেখার কথা জানান। যেখানে ছিল নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট সংস্কার ও মশার উপদ্রব কমানোর প্রতিশ্রুতি। আর এসব প্রতিশ্রতির ৮০ শতাংশই তিনি ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন বলে গত সোমবার চসিক কার্যালয়ে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে দাবি করেছেন।

মেয়র রেজাউল দেশ রূপান্তরকে বলেন, ‘১০০ দিনের প্রতিশ্রুতিতে রাখা হয়েছিল নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট সংস্কার ও মশার উপদ্রব কমানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার। এক্ষেত্রে মশার উপদ্রব কমানো ছাড়া বাকি দুটির ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্যাচওয়াক বা সংস্কার কাজের মাধ্যমে সড়ককে যান চলাচলের উপযোগী করেছি, যা এখনো চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র মশার উপদ্রব কমাতে সক্ষম হইনি। কেননা মশা না কমায় মশার ওষুধের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাই হয়তো মশা কমছে না। তবে আমি থেমে থাকিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানকার ল্যাবে কোনো কার্যকর ওষুধ তৈরি করা যায় কিনা, সেই বিষয়ে সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের আলোচনা চলমান রয়েছে।’