মালয়েশিয়ায় ভূগর্ভস্থ দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে সোমবার ৮টা ৪৫ মিনিটে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে এএফপি। পেট্রোনাস টাওয়ারের কাছে কেএলসিসি স্টেশন থেকে মাত্র ৩৩০ ফুট দূরে টানেলে এই দুর্ঘটনা হয়।
জেলা পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, একটি ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। এটি মেরামত করা হচ্ছিল। একই লাইন দিয়ে বিপরীত দিকে ২১৩ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রেন এসে ধাক্কা খেলে এই সংঘর্ষ হয়। সাংবাদিকদের তিনি আরও বলেন, ৪৭ জন গুরুতর আহত হয়েছেন এবং ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন।
মোহাম্মদ জয়নাল আরও বলেন, আমরা এখনো ঘটনাটি তদন্ত করছি। তবে ধারণা করা হচ্ছে অপারেশন কন্ট্রোল রুমে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।