চবি’র শিক্ষক ড. মাহমুদুল হক মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মাহমুদুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ড. মাহমুদুলের ভাতিজা রাশেদ আলম।

তিনি আরও জানান, বুধবার সকালে জন্মস্থান সীতাকুন্ডের জোড়ামতলে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জিইসি মোড় সংলগ্ন গরীবুল্লাহ শাহ মাজারের কবরস্থানে সমাহিত করা হবে।

ড. মাহমুদুল হক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে এই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই মারা যান তিনি।

ড. মাহমুদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের একমাত্র ফুলব্রাইট স্কলারস ছিলেন এই গুণী অধ্যাপক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন।

ক্যারিয়ারের শুরুর দিকে চতুর্থ বিসিএসে সপ্তম স্থান অধিকার করে এএসপি পদে যোগ দেন ড. মাহমুদুল। পরে শিক্ষকতায় ফিরে আসেন। তিনি ইউএস ফরেন পলিসি বিশেষজ্ঞ ছিলেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন। একটি ইউনিটের ডেপুটি কমান্ডারও ছিলেন। যদিও তিনি মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

ড. মাহমুদুল হক বেশ কিছু বই লিখেছেন, যার বেশির ভাগ বাংলাদেশের নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পর্কিত।

ড. মাহমুদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।