যুক্তরাষ্ট্রে বয়স্কদের অর্ধেকই টিকার দুই ডোজ পেয়েছে

যুক্তরাষ্ট্রে বয়স্ক জনগণের অর্ধেকই করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার পুরো দুই ডোজ পেয়েছে।

হোয়াইট হাউস স্থানীয় সময় মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর: বাসস।

মহামারী করোনাবিরোধী যুদ্ধে একে আরেকটি বড় ধরনের মাইলস্টোন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হোয়াইট হাউসের কভিড-১৯ বিষয়ক তথ্য পরিচালক সাইরাজ শাহপার টুইট করে বলেছেন, ‘বর্তমানে বয়স্ক ৫০ শতাংশ আমেরিকান করোনার পুরো ডোজই গ্রহণ করেছেন।’

এ ঘোষণার অর্থ হচ্ছে- বয়স্ক জনসংখ্যার অর্ধেক মডার্না কিংবা ফাইজার-বায়োএনটেকের দুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনায়ছয়৫ লাখেরও বেশি লোক মারা গেছে। তবে বর্তমানে দেশটি টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বস্থানীয় অবস্থায় রয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ বয়স্ক নাগরিককে টিকার আওতায় নেওয়ার লক্ষ্য ধার্য করেছেন। ইতোমধ্যে ৬২ শতাংশ লোক টিকা পেয়েছে।