নির্ধারিত সময়ে হচ্ছে না ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোট

মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্ধারিত সময়ে নির্বাচন হচ্ছে না। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ভোট করার কথা থাকলেও আসন দু'টিতে পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

আলাদা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়- ঢাকা-১৪ আসনটি ৪ এপ্রিল ও কুমিল্লা-৫ আসনটি ১৪ এপ্রিল শূন্য হয়। আসন দু'টি পূরণ করার জন্য যথাক্রমে ২ জুলাই ও ১২ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসন দু'টিতে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এই অবস্থায়, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী নব্বই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ নেতা আসলামুল হক-এর মৃত্যুতে ঢাকা-১৪ এবং আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য হয়। এর আগে সিলেট-৩ এর শূন্য আসনে যথা সময়ে নির্বাচন করা সম্ভব হবে না বলেও প্রজ্ঞাপন জারি করে কমিশন। ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ-এর মৃত্যুতে আসনটি শূন্য হয়।