সাভারে পুলিশ পরিচয়ে যানবাহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ডেইরি গেইটের সামনে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়েছে।

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করা ওই যুবকের নাম ইলিয়াস শেখ (৩২)। সে ফরিদপুর জেলার সদরপুর থানার চরবিষ্ণুপুর গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন, ইলিয়াস শেখ নামের ওই যুবক হাইওয়ে থানার পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে হাইওয়ে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি গাড়িচালকদের সন্দেহ হলে তারা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।