চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার ভোরে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহার ওয়াই জংশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক।
গ্রেপ্তাররা হলো, সৈয়দ নূর (২৮) ও ইমরান সাদেক (২৫)। তারা কক্সবাজারের উখিয়ার পশ্চিম মরিচ্যার পালং গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, কক্সবাজার থেকে একটি ট্রাক মাদক নিয়ে নগরীর দিকে আসছে এমন সংবাদ পেয়ে চেকপোস্ট বসানো হয় শিকলবাহা ওয়াই জংশন এলাকায়। র্যাব সদস্যরা চেকপোস্টে একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকটি রেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীকালে ট্রাকের চালকের আসনের নিচ থেকে সাড়ে ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ তারা কক্সবাজার থেকে এসব ইয়াবা এনে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা নিতে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।