রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ জুন হতে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দুই নেতার এ সাক্ষাৎ। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে তাদের প্রথম মুখোমুখি বৈঠক। এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি।
ইউক্রেন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে স্থিতিশীলতা পুনরুদ্ধারসহ সময়ের আলোচিত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আলোচনায় আসতে পারে চলমান করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন রোধ ও আঞ্চলিক সংঘাত নির্মূলের মতো বিষয়গুলো।