ভারতের করোনা আতঙ্ক এখনো পিছু ধাওয়া করে চলেছে টিম সেইফার্টকে। কিছুতেই এই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। নিজের দেশে পরিবারের মাঝে ফিরে যাওয়ার পরও তিনি স্বস্তি পাচ্ছেন না। কথা হচ্ছে, নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্টের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সেইফার্ট। আর সেই অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে কেঁদেই ভাসালেন এই কিউই। অনলাইন সংবাদ সম্মেলনে সেইফার্ট বলছিলেন, ‘ওই সময়কার কথা ভাবলেই খুব কষ্ট হচ্ছে। তবে প্রথম কয়েক দিন কেটে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। তবে বুঝতেই পারছিলাম, আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছে, তাই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করতাম সব সময়।’
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বাকি খেলোয়াড়রা ফিরে গেলেও, করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেইফার্টকে ভারতেই থেকে যেতে হয়েছিল। সতীর্থদের ফিরে যাওয়ার খবরে মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন সেইফার্ট। তিনি বলেছেন, ‘মনে হচ্ছিল, গোটা পৃথিবীটা যেন থমকে গিয়েছে। আমার ভাবনাশক্তি যেন লোপ পেয়েছিল। ভয়ও পেয়েছিলাম খুব। মনে হচ্ছিল, কভিড নিয়ে যা যা খারাপ কথা শুনেছি, সেগুলো আমার সঙ্গেই ঘটবে এবার।’ আসলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই যে হারে সংক্রমণের মাত্রা বেড়েছিল, তাতে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছিল। অক্সিজেনের হাহাকার শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে সেইফার্টও ভেবে নিয়েছিলেন, তাকেও এবার চরম দুর্ভোগে পড়তে হবে।
তবে তাকে সে রকম কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। সে কারণে নিজেকে ‘ভাগ্যবান’ বলেছেন সেইফার্ট।
কঠোর জৈব-সুরক্ষা বলয় ভেদ করেও তিনি কীভাবে করোনা আক্রান্ত হলেন তা বুঝতে পারেননি সেইফার্ট। তবুও বায়ো-বাবলের প্রশংসা করে বলেছেন, ‘সত্যি কথা বলতে, সেখানে থাকা পুরোটা সময় জৈব-সুরক্ষা বলয়ে আমি ভালো ও নিরাপদ অনুভব করেছি।’