তাল গাছ থেকে পড়ে আহত কিশোরকে হাপাতাল নেয়ার পথে বাসচাপায় নিহত ৩

ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায়  যাত্রীবাহী বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার  উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মাজেদের ছেলে মো. মিরাজ (৩৫), মো. ছালেমের ছেলে মো. সোহাগ (১৪), একই এলাকার অটোচালক মো. আজিজুল হক (৪০)। এ ঘটনার ইউছুফ ও মনির নামের আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘুইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন এলাকার জনৈক সোহাগ তাল গাছ থেকে পড়ে আহত হন। তাকে নিয়ে ওই বাড়ির আরো তিনজন মিলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ভোলা সদর হাসপাতালে রওনা দেন। এ সময় ঘুইংগারহাট পার হলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আজিজুল হক, মো. মিরাজ ও সোহাগ মারা যান। অটোতে থাকা ইউছুফ ও মনিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। যাত্রীবাহী বাসটিকে স্থানীয়রা আটক করে।

এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। এতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সব যান চলাচল বন্ধ রয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি এবং পরিস্থিতি শান্ত করি।