জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন হল থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন একটি আবাসিক হল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন স্থানে নির্মাণাধীন ২২ নম্বর হলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম শাহের আলী (২১)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, নির্মাণাধীন হল থেকে পড়ে শ্রমিক আহতের ঘটনা শোনার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আহত শ্রমিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে কিছুক্ষণ পরই ওই শ্রমিকের মৃত্যুর খবর পাই।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, শাহের আলী নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ২২ নম্বর হলটির ছয়তলা থেকে নিচে নামার সময় পরে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানে নিরাপত্তা বেষ্টনী ছিল কিনা বলতে পারছি না।