টোকিও অলিম্পিক

বাংলাদেশের ক্রীড়াবিদরা টিকা নিয়েই যাবেন

২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হওয়ার কথা অলিম্পিক গেমস। করোনা অতিমারীর মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর আয়োজনের পক্ষে নেই জাপানের বেশিরভাগ মানুষ। নাগরিকদের বিভিন্ন পর্যায় থেকে গেমস বাতিলের দাবি তুলছে জাপানবাসী। তবে গেমস আয়োজনের পক্ষে অনড় অবস্থানে দেশটির সরকার। অংশগ্রহণকারীদের বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে তারা। যার মধ্যে করোনার টিকা নিয়ে জাপানে প্রবেশ করা বাধ্যতামূলক করেছে। জাপান সরকারের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তারা প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিতে যাওয়া প্রত্যেক ক্রীড়াবিদ, কর্মকর্তা দুই ডোজের ভ্যাকসিন নিয়েই যাবেন। ‘আমরা জাপান সরকার ও জাপানের মানুষকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিতে যাওয়া প্রত্যেকে কভিড টিকা দিয়ে যাবেন এবং করোনা মোকাবিলায় জাপান সরকারের সব নিয়মকানুন মেনে চলবেন। করোনা মোকাবিলা করে জাপান এই সফল গেমস আয়োজন করবে বলেই আমাদের বিশ্বাস’ বলেছেন বিওএ’র সহ-সভাপতি ও বাংলাদেশ দলের শেফ দ্য মিশন শেখ বশির আহমেদ মামুন।