ছাত্রদের যৌন নির্যাতন

চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে নগরীর পাহাড়তলী থানার আব্দুল আলী নগর এলাকায় মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুর রহমান আজিজ (২৬) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বটতলী গ্রামের আব্দুস সালামের ছেলে। আজিজ নগরীর পাহাড়তলীর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, মাদ্রাসার হেফজ বিভাগের ১০ ও ১১ বছর বয়সী দুই ছাত্রকে শিক্ষক আজিজ জোরপূর্বক যৌন নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি দুই ছাত্র বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এরপর অভিভাবকরা পুলিশকে বিষয়টি জানালে তাদের কাছ থেকে তথ্য পেয়ে গত বুধবার রাতে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিভাবক ও ছাত্রদের বরাত দিয়ে ওসি আরও জানান, গ্রেপ্তার শিক্ষক আজিজ পরকালের ভয় দেখিয়ে ছাত্রদের যৌন নির্যাতন করত। ওই দুই ছাত্রকে পরকালের ভয় দেখিয়ে সে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আজিজকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে দুই ছাত্রকে নির্যাতনের দায় স্বীকার করে জবানবন্দি দেয়।