ক্যারিয়ারে সুসময়ের দেখা পেতেই আরেকটি বড় ধাক্কা খেলেন কার্তিক আরিয়ান। করণ জোহরের পর শাহরুখ খান প্রযোজিত ‘ফ্রেডি’ থেকে তার নাম কাটা পড়ল। যদিও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বা কার্তিকের তরফে এখনো কোনো বিবৃতি আসেনি।
শোনা যাচ্ছে, অজয় বাহেল পরিচালিত এই ছবির চিত্রনাট্য বদলের দাবি করেছিলেন কার্তিক। এমনকি পরিচালক বদলেরও প্রস্তাব ছিল তার। গুঞ্জন এখানেই শেষ নয়, শিডিউল নিয়ে সমস্যা হচ্ছিল কার্তিকের।
ছবিতে নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল ক্যাটরিনা কাইফের। কার্তিক নাকি সাইনিং মানি ফেরত দিয়েছেন প্রযোজনা সংস্থাকে।
এপ্রিলে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা টু’ থেকে বাদ দেওয়া হয় অভিনেতাকে। ছবিতে তার সঙ্গে ছিলেন জাহ্নবী কাপুর ও নবাগত লক্ষ্য। ধর্মা প্রোডাকশনস এক বিবৃতিতে জানায়, পেশাগত জটিলতার কারণে এই বিষয়ে সম্মানজনক নীরবতা বজায় রাখা হচ্ছে। ছবির কাস্ট পরিবর্তন করা হবে।
সোশ্যাল মিডিয়ায় দিনকয়েক পরে ফিরে এলেও এই সংক্রান্ত কোনো পোস্ট করেননি কার্তিক।
তবে বলিউডের প্রভাবশালী দুই প্রযোজনা সংস্থা থেকে পরপর বাদ পড়ায় কার্তিকের ক্যারিয়ারে যে এখন বড় প্রশ্নচিহ্ন ঝুলছে, তা বলার অপেক্ষা রাখে না। করণের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা কারো অজানা নয়। পরপর দুটি ঘটনায় অনেকেই বলিউডের ‘লবিবাজি’ ও ‘স্বজনপোষণ’-এর আঁচ পাচ্ছেন। করণের ছবি থেকে বাদ পড়ার পরে অনেকে এই অভিযোগ তুলেছিলেন।
ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা কার্তিক গত কয়েক বছরে বড় পরিচালকের ছবিতে কাজ করেছেন। অভিনেতার সাফল্যই কি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে? সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর এই প্রশ্নকে সংগত মনে করছেন অনেকে। তবে একটি সূত্র বলছে, মতবিরোধের কারণে স্বেচ্ছায় শাহরুখের ছবি ছেড়েছেন কার্তিক।