৩৬ কোটি টাকায় ডুপ্লেক্স কিনলেন অমিতাভ

৫ হাজার ৭০৪ বর্গফুটের ডুপ্লেক্স কিনেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আন্ধেরির এ আবাসনের জন্য তার খরচ করতে হয়েছে ৩১ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকা।  

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা নিয়ে তৈরি হবে অভিনেতার নতুন ঠিকানা। সঙ্গে থাকছে ৬টি গাড়ি পার্ক করার সুবিধাও।

ভারতে যখন করোনা মহামারির কবলে, আবার শুরু হওয়া লকডাউনে যখন অনেকেই চাকরি হারাচ্ছেন— তখন অমিতাভের এই বিলাসবহুল ও বহুমূল্য নতুন আবাসন ক্রয় নিয়ে আপত্তি তুলেছে অনেকেই।

জানা যায়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর চুক্তি চূড়ান্ত করেন অমিতাভ। আর গত ১২ এপ্রিল হয় নিবন্ধন।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সেই সুবিধে নিয়েই ৬২ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়ে এই নতুন সম্পত্তি ক্রয় করেছেন অমিতাভ।

বাড়ি নিবন্ধন সম্পর্কিত একটি ওয়েবসাইট জানায়, মহামারির সময় ফ্ল্যাট বা বাংলোর দাম কমে যাওয়া ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সুবিধা নিয়ে নতুন সম্পত্তি ক্রয় করছেন অনেক তারকা, ব্যবসায়ী ও শিল্পপতি।

এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী সানি লিওনি ও ‘তনু ওয়েডস মনু’-খ্যাত পরিচালক আনন্দ এল রাইয়ের। সানি ১৬ কোটি দিয়ে ৪ হাজার ৩৬৫ বর্গফুটের সম্পত্তি কিনেছেন এবং আনন্দ ২৫.৩ কোটি রুপি দিয়ে ৫ হাজার ৯১৭ বর্গফুটের সম্পত্তি নিজের নামে করেছেন।