‘নিরাপদ মাতৃত্ব’ দিবস পালন

বরিশালে বিনামূল্যে প্রসূতিদের সেবা

‘করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশুমৃত্যু রোধ করুন’ সেøাগান নিয়ে বরিশালে ‘নিরাপদ মাতৃত্ব’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিনামূল্যে প্রসূতি মায়েদের সেবা দিয়েছে অবস্ট্রাক্ট গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) বরিশাল শাখা। এ সময় তাদের বিনামূল্যে যাবতীয় ওষুধ দেওয়া হয়।

গতকাল শুক্রবার দিনভর বরিশাল নগরীর সদর রোডের বেসরকারি ‘ল্যাবএইড’ ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা প্রদান করা হয়।

অবস্ট্রাক্ট গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) বরিশাল শাখার সভাপতি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিখা সাহাসহ কমিটির অন্য সদস্যরা প্রসূতি মায়েদের সেবা প্রদান করেন।

করোনাকালে চিকিৎসা সেবা পেয়ে খুশি প্রসূতি মায়েরা। ঝুঁকি নিয়ে চিকিৎসকরা প্রসূতি মায়েদের সেবা না দিলে নিরাপদ মাতৃত্ব সম্ভব ছিল না বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা। এ ছাড়া করোনাকালে টেলি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়াকে সৌভাগ্য মনে করেন অনেকে।

গাইনোকোলজির চিকিৎসকরা সব সময় প্রসূতি মায়েদের সেবায় নিয়োজিত আছেন বলে জানিয়েছেন ওজিএসবির বরিশাল বিভাগীয় প্রধান। নিরাপদ মাতৃত্ব দিবসে ওজিএসবি প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে বলে তিনি জানান।

এদিকে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় ওজিএসবি বরিশাল শাখার উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ওজিএসবির বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. শিখা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. ইশতিয়াক হোসেন। সভায় বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহিন।