পল্লবীতে শিশুর লাশ

রাজধানীর মিরপুরে সোহানা (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎমা পারভীনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১-এর আদর্শনগর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম মো. সোহেল।

পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, ‘সোহানা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল বলে আমরা জানতে পেরেছি। আবার পড়ে আঘাত পেয়ে সেই আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয় বলে জিজ্ঞাসাবাদে তার সৎমা জানিয়েছে। কিন্তু সোহানা আবার পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, নাকি কেউ তাকে আঘাত করায় রক্তক্ষরণ হয়েছে, সেটা জানার চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, ‘শিশুটির মৃত্যুর বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমরা এ ঘটনায় সোহানার সৎমা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

তিনি আরও বলেন, সোহানার মামা অর্থাৎ সোহেলের প্রথম স্ত্রী কুলসুমের ভাই নূর হোসেন এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগও আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে পারভীনের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।’