অনলাইনে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা পর্ষদ। বিশ^বিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত ‘টেকনিক্যাল কমিটি’ পরীক্ষা পদ্ধতিটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী এনে তা সিন্ডিকেটের অনুমোদনের জন্য পাঠাবে বলে জানা গেছে।
শিক্ষা পর্ষদের সুপারিশ হলো অনলাইনে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, সময় বেঁধে দিয়ে ১০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এটি পূর্ণ কোর্সে ৭০ নম্বর ও হাফ কোর্সের ৩৫ নম্বরের সমান হবে। ৫০ নম্বরের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে পূর্ণ কোর্সের মূল্যায়ন করা হবে। হাফ কোর্সের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে তার অর্ধেক নম্বর গ্রহণ করা হবে।
এ ছাড়া পূর্ণ কোর্সে ক্লাসে উপস্থিতির ওপর ১০ নম্বর ও অনুশীলনী পরীক্ষার ২০ নম্বর যোগ হবে। হাফ কোর্সে উপস্থিতির ৫ নম্বরের সঙ্গে অনুশীলনী পরীক্ষার ১০ নম্বর থাকবে। এভাবে ১০০ ও ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা পর্ষদ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘গত বৃহস্পতিবার শিক্ষা পর্ষদের সভায় অনলাইন পরীক্ষাসংক্রান্ত এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সভায় অনুমোদনের পর এটি কার্যকর হবে।’
তিনি আরও বলেন, ‘বিভাগগুলো অগ্রাধিকারভিত্তিতে পিছিয়ে পড়া ব্যাচের পরীক্ষা নিতে পারবে। আশা করছি, আগামী জুন মাসের মধ্যেই পরীক্ষা শুরু করা যাবে।’