স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে। মানিকগঞ্জের গড়পাড়া হাইস্কুল মাঠে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জানাজা শেষে গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে স্বামী কর্নেল মালেকের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বারিধারার বাসভবনে মরহুমার প্রথম জানাজা এবং গতকাল সকাল ৯টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
প্রয়াত ফৌজিয়া মালেকের জন্মস্থান হরগজে জানাজার আগে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।