মাদারীপুরের শিবচরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন পুড়ে শেকলে বাঁধা মানষিক প্রতিবন্ধী শিল্পী বেগম (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী বেশ কিছু বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকায় লোকজনকে গালাগালি করতেন। একপর্যায়ে গত কয়েক দিন ধরে তাকে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শনিবার রাতে ওই ঘরটিতে মশার কয়েল থেকে আগুন লাগলে কয়েক মিনিটের মধ্য ঘরটি পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে নিতে ৩০ মিনিট সময় লাগে। এরই মধ্যে আগুনে ঘরটি একেবারে পুড়ে যায়। এ সময় ঘর থেকে বের হতে না পেরে পুড়ে তার মৃত্যু হয়। এ সময় ঘরে থাকা একটি ছাগলও পুড়ে মারা যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, আগুন লাগার খবর শোনার পরে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা একজন নারী আগুনে পুড়ে মারা যায়। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।