কাতারে জামালদের সবাই করোনা ‘নেগেটিভ’

বিশ্বকাপ বাছাইয়ের জন্য কাতার পৌঁছেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। শুক্রবারের সেই পরীক্ষায় দলের সবার ফলই ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার এক বিবৃতিতে বাফুফে বলে, শুক্রবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোভিড টেস্ট হয়েছে। যেখানে সকল সদস্যের ফলাফল নেগেটিভ এসেছে।

বাফুফে জানায়, এদিন কাতার সময় সকাল সাড়ে ১০ থেকে ১১ পর্যন্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা টিম হোটেলে স্কেচিং সেশন করেছে। বিকেল সাড়ে ৪টায় কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করা কথা।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি রয়েছে তিনটি ম্যাচ। সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।